
শেষ আপডেট: 13 February 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে রাজ্য উত্তপ্ত। তার মধ্যেই সোমবার ঘটে গেছে আরও এক মর্মান্তিক ঘটনা। উত্তর দিনাজপুরের চোপড়ায় ৪ শিশুর প্রাণহানি হয়েছে। এই ঘটনায় এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক, সাংসদ মিলিয়ে ১২ জন সদস্য আছেন এই দলে।
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ড্রেন খোঁড়ার কাজ চলছে। সোমবার সকালে জেসিবি দিয়ে চলছিল খোঁড়াখুঁড়ি। গ্রামের কচিকাঁচারা সেখানে খেলছিল। তখনই কাটা মাটির উঁচু ঢিবির তলায় বেশ কয়েকজন শিশু চাপা পড়ে যায়। তার মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় বিএসএফ-এর গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। কারণ এই ড্রেন খোঁড়ার কাজ তাঁদের উদ্যোগে হচ্ছিল।
তৃণমূলের যে প্রতিনিধি দল চোপড়া যাচ্ছে তাঁদের মধ্যে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, শশী পাঁজা, উদয়ন গুহ, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশ চন্দ্র বর্মা এবং কুণাল ঘোষ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাতের সময় চাইবে তাঁরা। শাসকদলের প্রশ্ন, রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তাহলে বিএসএফ-এর গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনায় কেন তিনি যাবেন না?
চোপড়ায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় এই ড্রেন খোঁড়ার কাজ চলছিল। গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, বিএসএফ সীমান্ত রক্ষার সুবিধার্থে এই ড্রেন কাটছে। কিন্তু এর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে এটি তদন্ত সাপেক্ষ। পুলিশের সঙ্গে সঙ্গে বিএসএফও বিভাগীয় তদন্ত করবে।