
শেষ আপডেট: 29 December 2022 19:54
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত পুলিশের (Gujarat Police) হাতে ফের একবার গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। এই নিয়ে ডিসেম্বরেই তিনবার তাঁকে গ্রেফতার করা হল। সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে তৃণমূল মুখপাত্রকে (TMC Spokesperson) গ্রেফতার করে আমদাবাদ সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।
কোন মামলায় সাকেতকে গ্রেফতার করা হল?
সংবাদমাধ্যমের এক রিপোর্টে দাবি করা হয়েছে, সাকেত ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা টাকার অপব্যবহার করছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গুজরাতের এক পুলিশ কর্তা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লিতে গ্রেফতার করা হয়েছে সাকেতকে। আইনি জটিলতা কাটিয়ে আমদাবাদে আনা হবে তাঁকে।
প্রসঙ্গত, গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে সরকারের সমালোচনা করে একটি টুইট করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র। দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর দুর্ঘটনাস্থল ঘুরে দেখার জন্য যে টাকা খরচ হয়েছে, তা ক্ষতিপূরণের অঙ্কেরও ছ’গুণ। এই বক্তব্যের সপক্ষে নথিও প্রকাশ করেন সাকেত।
সেই টুইটে দেওয়া নথি ভুয়ো, এই অভিযোগ করে প্রথমবার চলতি মাসের ৬ তারিখ গ্রেফতার করা হয় সাকেতকে। ৮ তারিখ এই মামলায় জামিন পান তিনি। কিন্তু জামিনের কয়েক ঘণ্টা পরেই তাঁকে ফের গ্রেফতার করে পুলিশ। তবে পরের দিন তাঁকে আদালতে তোলা হলে জামিন পান তিনি।
এই ঘটনার দিন কুড়ি পরে ফের গ্রেফতার হলেন সাকেত। এবার তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হাওড়া স্টেশনে ভোট লেগেছে! দিনে গেরুয়া দখল, রাতে পাল্টা দাপট তৃণমূলের