
শেষ আপডেট: 7 February 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সন্দেশখালিতে ত্রিমোহনী বাজারে জনজাতি সম্প্রদায়ের একাংশকে নিয়ে তৃণমূল মিছিল শুরু করেছিল। বুধবার দুপুরে সেই মিছিলে ঘিরে তুমুল অশান্তি ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের মহিলাদের একাংশ মিছিল আটতে লাঠি হাতে তেড়ে যান। এর পরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় ১০ তৃণমূলকর্মী জখম হয়েছেন। মারমুখী মহিলাদের হাত থেকে বাঁচতে নৌকা করে পালাতে যান দুই তৃণমূলকর্মী। তাড়া খেয়ে রায়মঙ্গল নদীতে ঝাঁপ দেন। কোনওরকমে প্রাণ বাঁচান ওই দুজন। পুলিশ ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করতে গিয়েছিল। কিন্তু পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে তাঁদের বেগ পেতে হয়েছে।
কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রতিবাদ করছিল তৃণমূল। জনজাতি সম্প্রদায়ের একাংশ ওই মিছিলে অংশ নিয়েছিল। সেখানে শাহজানের নামে জয়্ধ্বনি ওঠে। এই নিয়ে অশান্তি শুরু হয়। বিজেপির সমর্থক হিসাবে পরিচিত মহিলারাই লাঠি হাতে ওই মিছিলের পথ আটকায়।
তাঁদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে মিছিল করে অশান্তি ছড়াতে চাইছে তৃণমূল। সন্দেশখালিকে তপ্ত করে রাখতে চাইছে। ভেরিগুলি নিয়ে দীর্ঘদিন ধরে কাটমানি খেয়েছে শাসকদলের নেতারা।এতে অনেকেই ক্ষতিগ্রস্তও হয়েছেন।
তৃণমূলের অবশ্য দাবি, গ্রামবাসীদের উস্কানি দিয়ে বিরোধীরা রাজনৈতিকভাবে ফায়দা লুঠের চেষ্টা করছে। কিন্তু তাদের এই উস্কানিতে কাজে আসবে না। সন্দেশখালির মানুষ বিজেপি নোংরা খেলা জেনে গেছে।
কয়েকদিন ধরে ভেরি নিয়ে রাজনীতি চলছে সন্দেশখালিতে। ভেরি মালিকদের একাংশকে নিয়ে মিছিল করে চলেছে বিজেপি। এদিক থেকে পিছিয়ে নেই সন্দেশখালি তৃণমূলও। তাঁরা লাগাতার ভেরি মালিকদের বাকি অংশদের নিয়ে মিছিল করছে। রাজনৈতিকমহলের দাবি, শাহজাহান পর্ব নিয়ে শাসক ও বিরোধী দুপক্ষই সন্দেশখালিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে।