
আমাতলার দলীয় কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 November 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: সদ্য চোখের অস্ত্রোপচার করে কলকাতায় ফিরেছেন। সে কারণেই মাঝে কয়েকটা দিন তাঁকে প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। কিন্তু রাজ্যে উপনির্বাচনের আগে ফের স্বমহিমায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বেলা গড়াতেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে পৌঁছে যান তিনি। এদিন আমতলার কার্যালয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুজোর পর কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আলাপচারিতা সারতে দেখা যায় অভিষেককে। সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে এতদিন পর সুস্থ অবস্থায় নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত কর্মী, সমর্থকরা।
এদিন অভিষেক আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছতেই তাঁর নামে জয়ধ্বনি ওঠে। শীঘ্রই তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন সে প্রার্থনাও শোনা যায়। এর আগে বৃহস্পতিবারই জন্মদিন ছিল অভিষেকের। সেদিন তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে উপচে পরে ভিড়। কাউকেই নিরাশ করেননি তিনি। চোখের অপারেশনের পর নিজের সংসদীয় এলাকায় পৌঁছে গেলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর হাতে একাধিক উপহারও তুলে দেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, আমেরিকা থেকে অস্ত্রোপচার করিয়ে আসার পরে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করলেন অভিষেক। তবে এদিন চোখে অস্ত্রোপচারের কারণে রোদ চশমা পরেই দেখা যায় তাঁকে। চিকিৎসকদের পরামর্শে কমপক্ষে এখনও ১৩ সপ্তাহ এই কালো চশমা পড়ে থাকতে হবে অভিষেককে।
ডায়মন্ড হারবারের সাংসদ এদিন অসুস্থতা সত্ত্বেও এদিন আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছে যাওয়ার পিছনে একটু অন্য অঙ্ক রয়েছে। যদি একটা কারণ বিজয়া সম্মিলনী উপলক্ষে জনসংযোগ বাড়ানো হয়, অন্যটি হল নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি।
এদিন আমতলার দলীয় কার্যালয়ের বাইরে 'হেল্প ডেস্ক' খোলা হয়। যেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষরা তাঁদের এলাকার অভাব, অভিযোগের কথা জানাতে পারবেন। পরে সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন সাংসদ। পাশাপাশি 'এক ডাকে অভিষেক'-সহ একাধিক উদ্যোগের কথা জানতে পারবেন মানুষ।
তৃণমূল সূত্রে খবর, আগামী বছর থেকেই ফের দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ কর্মসূচি শুরু করবেন তিনি। তাঁর জন্যই এদিনের আমতলা পরিদর্শন বলে মনে করা হচ্ছে।