
শেষ আপডেট: 31 December 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো: কয়লা, গরু, নিয়োগ, রেশন সহ রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে বাংলার শাসক দল। এইসব দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতা-নেত্রীর। ইডি, সিবিআই জোরকদমে তদন্ত চালাচ্ছে। অনেককেই ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। এবার আয়কর দফতরের স্ক্যানারে রাজ্যের আরও এক তৃণমূল বিধায়ক।
সম্প্রতি রাজ্যে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। একাধিক তৃণমূল নেতার বাড়িতেও গেছেন আয়কর দফতরের আধিকারিকরা। এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। সেই নোটিশে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি রাজ্যের আয়কর ভবনে হাজিরা দিতে হবে তাঁকে। দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে উত্তমকে।
কেন আয়কর দফতরের নজরে উত্তম?
পটাশপুরের তৃণমূল বিধায়কের দু'টি সংস্থা রয়েছে। সেই সংস্থার আয়কর রিটার্ন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, ওই দুই সংস্থার আয়কর রিটার্নে বিস্তর গরমিল আছে। প্রায় কোটি টাকার গরমিল আছে বলে দাবি আয়কর দফতরের।
আয়কর দফতর সূত্রে খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ--- এই তিন বছরের আয়কর রিটার্ন জমা দেননি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। সেই টাকার পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি। এ ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে উত্তমকে তলব করা হয়েছে। সঙ্গে কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে।
যদিও আয়কর দফতরের দাবি মানতে নারাজ উত্তম বারিক। তিনি বলেন, সমস্ত তথ্য আয়কর দফতরের কাছে দেওয়া আছে। তবে তারা যেহেতু জানতে চেয়েছে তাই সমস্ত তথ্য আবার দেওয়া হবে। তার হিসেব করা হচ্ছে।