.jpeg)
নওসাদ সিদ্দিকি ও শওকত মোল্লা
শেষ আপডেট: 17 March 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: ২৬ এর ভোটের আগে আজ ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক করবেন পীরজাদাদের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, বিধানসভা নির্বাচনের আগে তাঁর ফুরফুরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে ইফতার মজলিশে আমন্ত্রিত নওসাদ সিদ্দিকিও (Nawsad Siddique)।
এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনও নতুনত্ব দেখছেন না। ভাইজান-দিদির সাক্ষাৎ নিয়ে আগেই বলেছিলেন আইএসএফ তৃণমূলের বি টিম। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা (Saokat Molla)।
তিনি খোলসা করে বলেন, "নওসাদ তৃণমূলের বি টিম নয়, বিজেপির বি টিম। এটা সারা বাংলার মানুষ ২০২১ সাল থেকে দেখে আসছে। নওসাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী জাপটাজাপটি করে, কোলাকুলি করে ছবি পোস্ট করেন, সেটাও বাংলার মানুষ দেখে। নওসাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারীরা কোলাঘাটে গোপনে বৈঠক করেন, সেটাও বাংলার মানুষ দেখেছে। ফলে এই ধরনের কথা বলে কাউকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ লক্ষ্য করছে যে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। আজ মমতার সঙ্গে নওসাদ যাচ্ছেন, কাল শুভেন্দু অধিকারীও দেখা করতে যেতে পারেন, এতে সন্দেহের কিছু নেই।"
আজ মমতা-নওসাদের ফের একবার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে শওকত বলেন, "আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা যাচ্ছেন, সেখানে নওসাদেরও যাওয়ার কথা। এটা ইফতার মজলিশ। এখানে রাজনীতি নয়, তৃণমূল, সিপিএম, আইএসএফ- এসবের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা যাচ্ছেন এটা আনন্দের বিষয়। একটা সময় যারা তাঁকে নিয়ে কুৎসা করত, অপপ্রচার করত, আজ তারাই দিদির ডাকে সাড়া দিয়ে, সরকারের ডাকে সাড়া দিয়ে ইফতার মজলিশে আসছে। এটা নীতিগত জয় বলে মনে করি। নওসাদ দেরিতে হলেও বুঝতে পেরেছেন, বাংলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও বিকল্প নেই। বাংলার শান্তি বজায় রাখতে গেলে মমতাই শেষ কথা।"
বস্তুত, নওসাদের নবান্ন যাওয়ার এক সপ্তাহের মাথায় মমতার ফুরফুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। আজ বিকেলে ইফতারের পাশাপাশি প্রায় ৭০ জন পীরসাহেব ও পীরজাদার সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।