
শেষ আপডেট: 4 February 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: সামনেই লোকসভা ভোট। তার আগে দলীয় নেতা-কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বলেন, ভোটের ফল ভাল না হলে বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে।
তৃণমূল স্তর থেকে দলের সংগঠন যাতে আরও ভাল হয় তার বার্তা আগেই দিয়েছেন মমত বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজও শুরু করে দিয়েছে দলীয় কর্মীরা। কিন্তু তাও বুথে বুথে ফল ভাল না হলে কী হবে? রবিবার হঁশিয়ারির সুরে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন, ''দল থাকলে রোজগার হবে, কে কী ভাবে রোজগার করে, তাও আমার জানা। তা বলে শুধু গ্রুপবাজি চলবে আর আর দল শেষ হয়ে যাবে, এটা হবে না।''
বিধায়কের শুধু এই মন্তব্য নিয়ে বিতর্ক হয়নি। লাভলিকে এও বলতে শোনা যায়, যে বুথের ফল খারাপ হবে, লিড পাবে না দল, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে। দলের নেতা-কর্মীদের প্রতি তাঁর অভিযোগ, মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে, কিন্তু তাঁরা তাঁদের দায়িত্ব পালন করছেন না।
সোনারপুরের প্রতাপনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিতির হার অনেক কম ছিল। দলের বহু নেতা-কর্মী সেখানে না আসাতেই এমন ভাষায় ক্ষোভ প্রকাশ করেন ঘাসফুলের এই অভিনেত্রী-বিধায়ক।