
শেষ আপডেট: 16 February 2024 08:42
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত। বিগত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন তিনি। হয়েছিল ক্যানসারও। ৭৩ বছর বয়সে না ফেরার দেশে বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোভিড হওয়ার পর থেকে নানা রোগভোগ বেড়ে গেছিল মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের বিধায়কের। একুশের বিধানসভা নির্বাচনেও খুব একটা প্রচারে দেখা যায়নি তাঁকে। বিগত কয়েক মাসে হাঁটাচলাতেও সমস্যা বেড়েছিল। ক্যানসার এবং বার্ধক্যজনিত রোগের কাছেই হেরে গেলেন তিনি। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ইদ্রিশের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে। রাজনৈতিক জীবনের বাইরে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবেও সুনাম ছিল তাঁর। যদিও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ইদ্রিশ আলি। বিরোধীদের প্রতি কুকথা বলার অভিযোগে বারবার বিদ্ধ হয়েছেন। সম্প্রতি চন্দ্রযান ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে দেখা গেছিল তাঁকে।
চন্দ্রযান-৩ প্রসঙ্গে মোদীকে আক্রমণ করে সাংবাদিকদের কাছে ইদ্রিস বলেছিলেন, অনেক গরিব মানুষ আজও খেতে পাচ্ছেন না। সেখানে কোটি কোটি টাকা খরচ করে এভাবে চন্দ্রযান-৩ নিয়ে মাতামাতি না করলেই ভাল হত। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। তবে বিরোধীদের বিরুদ্ধে কোনও ইস্যুতে সুর চড়াতে তিনি পিছপা হতেন না।