বেবির এও দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন।

অনিল দাস - বেবি কোলে
শেষ আপডেট: 6 July 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরের প্রবীণ বাম নেতা (Left leader) অনিল দাস (Anil Das) ওরফে ‘ভীম’-কে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের খড়্গপুরের (Kharagpur) নেত্রী বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। এই ঘটনায় তাঁকে শো-কজ করেছিল দল। সেই শো-কজের (Show Cause) জবাব অবশেষে দিলেন তিনি। বেবির দাবি, তিনি আত্মরক্ষায় মারধর করেছিলেন।
এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। কিন্তু অনিলের বিরুদ্ধেই পাল্টা জালিয়াতির অভিযোগ করেছেন বেবি। সব মিলিয়ে বিতর্কের মাঝে এখন নিজের আচরণের সাফাই দিয়েছেন তিনি।
তৃণমূল তাঁর কাছে জবাব চেয়েছিল তিন দিনের মধ্যে। শো কজের চিঠি পাওয়ার ছ’দিন পরে সেই জবাব দিয়েছেন বেবি। জানিয়েছেন, প্রথমে তাঁকে নির্যাতন করেছিলেন অনিল দাস! আত্মরক্ষা পাল্টা তিনি তাই মারধর করেন। তবে তাঁর সাফ কথা, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ব্যক্তিগত বিষয় নিয়ে গন্ডগোল হয়েছিল। বেবির দাবি, তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন অনিল দাস। সেই দিনও একই ঘটনা ঘটেছিল।
বেবির এও দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।
তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেও মামলা করেছেন অনিল দাস। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল উচ্চ আদালত। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা।