
শেষ আপডেট: 12 January 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ ও তৃণমূল।
অভিযোগ, বিধায়ক নওসাদ সিদ্দিকির লোকজনকে মারধর করেছে তৃণমূলকর্মীরা। পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল। তাদের দাবি, দলীয় কর্মীদের মারধর করার পরে এলাকায় গুলিও চালিয়েছে নওসাদ অনুগামীরা।
শুক্রবার দুপুরে ভাঙড়ের খড়গাছি এলাকা তেতে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে আসে। পরিস্থিতি সামলাতে ভাঙড় থানা ছাড়াও চন্দনেশ্বর থানা থেকেও পুলিশ বাহিনী এসেছিল। দুপক্ষকে শান্ত করতে কড়া হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খড়গাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মীরা। অভিযোগ, সেই সময়েই তাঁদের বাধা দেয় তৃণমূলের লোকজন। দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। ক্রমেই ঘোরালো হতে থাকে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ওই সংঘর্ষের মধ্যেই কয়েক রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ।
উতপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ। পরে চন্দনেশ্বর থানা থেকে পুলিশবাহিনী আনা হয়। শুক্রবার দুপুরের শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় টহল দিচ্ছে পুলিশ। গোটা গ্রামে এখন থম থমে পরিস্থিতি।
এদিনের ঘটনায় ৪ তৃণমূলকর্মী আহত হয়েছে বলে সূত্রের খবর। তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে।
তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় ত্রাস ছড়াচ্ছে আইএসএফ। লোকসভা ভোটের আগে আবার ঝামেলা পাকানোর চেষ্টা করছে। শাসক দলের দাবি গত পঞ্চায়েত ভোটে আইএসএফের জন্যই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর। যদিও আইএসএফ গুলির চলার ঘটনা অস্বীকার করে বলেছে তৃণমূলই ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে।