
শেষ আপডেট: 26 March 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: প্রচারে নেমে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে।
এ ব্যাপারে ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর, তারপরই এব্যাপারে জেলা প্রশাসন তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল কমিশন।
এ ব্যাপারে আগামীকাল বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তৃণমূলের ১০ সদস্যের এক প্রতিনিধি দল। বুধবার ১১টায় কমিশনের অফিসে যাওয়ার কথা তৃণমূলের প্রতিনিধি দলের। এখন দেখার এবিষয়ে দিলীপের কাছেও কমিশন কৈফিয়ত তলব করে কি না।
যদিও এ ব্যাপারে জানতে চাওয়া হলে এদিন বিকেলে দিলীপ বলেন, " ভুল তো কিছু বলিনি। তবে জানতাম আমার কথা নিয়ে বিতর্ক হবে, সেটা ইতিমধ্যে শুরুও হয়ে গেছে।"
মেদিনীপুরের জেতা আসনের পরিবর্তে বিজেপি দিলীপকে এবারে প্রার্থী করেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে। এদিন প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন,“উনি গোয়ায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি আপনাদের মেয়ে। আগে বাপ তো ঠিক করুন।” এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, ওনাকে বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। বাংলার মানুষ কখন ধাক্কা দেবে বুঝতেও পারবেন না।"
এরপরই দিলীপের কুকথার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। বস্তুত, কমিশনের প্রকাশিত গাইডলাইনেও বলা আছে, প্রচারে বেরিয়ে কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না। তৃণমূল নেতৃত্বর অভিযোগ, নিজের জেতা আসন মেদিনীপুর থেকে প্রার্থী হতে না পেরে হতাশা থেকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলতে শুরু করেছেন দিলীপ ঘোষ।
কমিশনের কাছে দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের সময়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই সময় দিলীপ বলেছিলেন, প্রচারে গিয়ে যদি পায়ের প্লাস্টার দেখাতে হয়, তাহলে উনি বারমুডা পরে বেরোন। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল রাজ্য রাজনীতিতে।