
উত্তপ্ত রঘুনাথগঞ্জ। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 25 April 2024 11:51
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আবহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি রঘুনাথগঞ্জের গিরিয়া অঞ্চলের ভৈরব টোলা এলাকায়। দু’পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন তিন জন।
সূত্রের খবর, বুধবার সন্ধেয় মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে বচসা তারপরে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সংঘর্ষে জখম হন দু’পক্ষের কয়েকজন। তার মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, ভোট এলেই ওই এলাকায় এমন অশান্তির পরিবেশ তৈরি হয়। আগেও বহুবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বেঁধেছিল। হাতাহাতি, মারামারিতে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। বুধবারও তেমনই পরিস্থিতি তৈরি হয়। এলাকাবাসীরাই জখমদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। হাসান শেখ নামে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ওসি সুমিত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানাচ্ছে, তৃণমূলের এক গোষ্ঠীর সদস্যরা অন্য গোষ্ঠীর উপরে হামলা চালিয়েছে। কারা এর নেপথ্যে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।