
শেষ আপডেট: 25 October 2023 12:18
দ্য ওয়াল ব্যুরো: দশমীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের কান্দি। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে কান্দি পুরসভা এলাকা। অভিযোগ, তৃণমূলেরই অন্য গোষ্ঠী স্থানীয় কাউন্সিলরের বাড়ি ভাঙচুর করে। ঘটনাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি ওয়ার্ডের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। তৃণমূলেরই দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। ক্রমশ তা বদলে যায় হাতাহাতিতে। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কাউন্সিলরের দাবি, অন্য ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।
তৃণমূল কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, অন্য ওয়ার্ডের কাউন্সিলরের দলবল এসে তাঁর উপর হামলা করে। তাঁর বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে গুরুপদবাবুর আত্মীয়রা ছুটে আসেন। ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থকরাও চলে আসেন। শুরু হয়ে যায় দু’পক্ষের হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পরিস্থিতি সামলাতে নাকানিচোবানি খেতে হয় পুলিশকে। শেষে হাতাহাতি থামাতে লাঠিচার্জও করে পুলিশ। সংঘর্ষে আহতদের কান্দি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসীরা বলছেন, ৯ এবং ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে গোলমাল অনেকদিনের। এলাকার ক্লাবগুলির দখল নিয়ে দুই পক্ষের ঝামেলা লেগেই থাকে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অন্য ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠরা এই অভিযোগ অস্বীকার করেছেন।