
শেষ আপডেট: 9 March 2024 11:18
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ২৭ অগস্ট। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। সামনে এসেছিল বেআইনি বাজি কারবার।
দত্তপুকুরের সেই বিস্ফোরণের স্মৃতি উস্কে শুক্রবার রাতে হাবড়ার ফুলতলা দাসপাড়া এলাকার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন তৃণমূলের প্রাক্তন প্রধানের ছেলে। বিস্ফোরণের তীব্রতায় তাঁর হাতের একটি আঙুল উড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মছলন্দপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে প্লাবন শুক্রবার বাড়ির ছাদে বাজি ফটাচ্ছিল। সে সময় তাঁর হাতে বাজি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় একটি আঙুল উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি চারটি আঙুলও। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বারাসাত হাসপাতালে হস্তান্তর করা হয়।
প্রাক্তন প্রধান কৃষ্ণপদবাবুর দাবি, ছেলে কোথা থেকে বাজি নিয়ে এসেছিল, এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
পরিস্থিতির জন্য অবশ্য প্রশাসনকেই দুষছেন স্থানীয়রা। তাঁদের কথায়, দত্তপুকুরের অত বড় ঘটনার পরও পুলিশের মদত না থাকলে কীভাবে শব্দবাজি তৈরি বা বিক্রি হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।