
কুণাল ঘোষ।
শেষ আপডেট: 31 December 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের অনুষ্ঠানে কোন কোন শিল্পীকে ডাকা যাবে না, তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।
কুণালের কথায়, "দলের তরফে কোনও শিল্পীকে বয়কট করার কথা বলা হয়নি। এটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।" এরপরই আরজি করের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, "আরজি কর প্রসঙ্গে যে শিল্পীরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে টার্গেট করে চূড়ান্ত কুৎসা করেছেন, কেবলমাত্র তাদের তৃণমূল পরিবারের কোনও অনুষ্ঠানে না ডাকার কথা বলা হয়েছে।"
নিজের দাবির স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। তাঁর কথায়, "আরজি করে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমরা সবাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার, নিন্দা করার অধিকার সবার আছে। শিল্পীরা সেখানে থাকতেই পারেন। কিন্তু কয়েকজন শিল্পী মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই করা কুৎসিত বিশেষণ ব্যবহার করে, মিথ্যে তথ্যের ভিত্তিতে কখনও সরকার ফেলে দেওয়ার ডাক, কখনও অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনও বাংলাদেশের কায়দায় আন্দোলনের আওয়াজ তুলেছে। এসব অসভ্যতা যারা করেছে, তাদের ক্ষেত্রে আমরা বলেছি তৃণমূল পরিবারের কোনও অনুষ্ঠানে এদের ডাকা যাবে না।"
কুণাল এও বলেন, "আমাদের পার্টির অনুষ্ঠানে কাকে ডাকব, সেটা তো দলের সিদ্ধান্ত।" খানিক থেমে পাল্টা প্রশ্নও তুলেছেন তৃণমূল নেতা।
তাঁর কথায়, "যার রুচি অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, তার আবার কীসের শিল্পীসত্ত্বা? মুখে বলবে উৎসবে যাব না, দুর্গা পুজো বয়কট করুন আর ফিল্মি উৎসবে নাচতে নাচতে গিয়ে ছবি তুলবে, এটা কোন ধরনের শিল্পী সত্ত্বা?" জবাবও দিয়েছেন নিজেই, "মিথ্যে খবরের ভিত্তিতে তুমি মানুষকে প্ররোচিত করবে, ভুল বোঝাবে, মানুষকে উত্যক্ত করবে, তারপরও কেন গুরুত্ব দেব?"
এ প্রসঙ্গে দলের অবস্থান আরও স্পষ্ট করতে বামপন্থী হিসেবে পরিচিত, অভিনেতা বাদশা মৈত্রর প্রসঙ্গ টেনে এনেছেন কুণাল। তাঁর কথায়, "বাদশা মৈত্রও তো সিপিএম সমর্থক, তাকে নিয়ে তো আমাদের কিছু বলার নেই। কারণ, এটা গণতান্ত্রিক রাজ্য।"
পর্যবেক্ষকদের মতে, কুণাল বোঝাতে চেয়েছেন, কিছু শিল্পী রয়েছেন, যারা সুযোগ বুঝে পাল্টি খেতে অভ্যস্ত। এদেরকে দলের যে কোনও অনুষ্ঠানে 'বয়কটে'র সিদ্ধান্ত নেওয়া হয়েছে।