
শেষ আপডেট: 21 March 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: এক তরুণের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেল এনআরসির প্রসঙ্গ। তৃণমূলের অভিযোগ, এনআরসি চালু হলে নাগরিকত্ব চলে যাবে না তো! এই আতঙ্কে থেকেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণ।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিষেকের নির্দেশেই বৃহস্পতিবার সন্ধেয় কলকাতার নেতাজিনগরে নিহতর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের পাচ সদস্যের প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, মন্ত্রী শশী পাঁজা, দলের মুখপাত্র কুণাল ঘোষ, সায়নী ঘোষ এবং অরূপ চক্রবর্তী।
মৃত যুবকের নাম দেবাশিস সেনগুপ্ত। বছর ৩১ এর দেবাশিসের বাড়ি নেতাজিনগরে। বুহস্পতিবার দেবাশিসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শশী পাঁজার অভিযোগ, " খুবই মর্মান্তিক ঘটনা। ছেলেটি এনআরসি আর সিএএ এর আতঙ্কে ভুগছিল। নাগরিকত্ব চলে যাবে না তো, এই আশঙ্কা ওকে সবসময় তাড়া করে বেড়াত। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সে কারণেই ওর এই অকালে চলে যাওয়া।"
একই সঙ্গে শশীদেবীর অভিযোগ, "ভোট এলেই বিজেপি এনআরসি আর সিএএ-র জুজু দেখায়। এর ফলে শুধু বাংলা নয় সারা দেশের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।"
যুবকের অপমৃত্যুর বিষয়ে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।