আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন টিটাগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের দাদা ও তৃণমূল যুব নেতা মহম্মদ খুররাম।

শেষ আপডেট: 19 July 2025 18:39
আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন টিটাগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের দাদা ও তৃণমূল যুব নেতা মহম্মদ খুররাম। খুররমের সঙ্গেই আরও চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে টিটাগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, ডাকাতি-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল নেতা খুররম টিটাগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইনাম খানের দাদা
পুলিশ জানিয়েছে, তৃণমূল কাউন্সিলরের দাদা খুররমের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আহমেদ আলি ওরফে ঝুনুয়া, শেখ সাদ্দাম হোসেন, মহম্মদ মনসুর এবং মহম্মদ আলি ওরফে মুন্না। এরা প্রত্যেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের চিহ্নিত অপরাধী।
গোপন সূত্রে পুলিশ জানতে পারে, খুররাম বরাহনগরে ওই চারজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বনহুগলি এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫৩/২৫ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ ও ৬১(২)/৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
কয়েকদিন আগেই ফ্ল্যাটে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হন টিটাগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। এবার তাঁর দাদার গ্রেফতারি ঘিরে ফের তৃণমূল শিবিরে বিতর্ক শুরু হয়েছে।