
তৃণমূল কাউন্সিলর
শেষ আপডেট: 21 February 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: বিচার প্রক্রিয়া শেষ হতে সময় নিল দশ বছর। গণপিটুনিতে হত্যা মামলায় পানিহাটি পুরসভার কাউন্সিলর-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। শুক্রবার আদালতে উপস্থিত হতেই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। আগামী মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে।
যদিও এই মামলায় তিন অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। মঙ্গলবার সাজাঘোষণা করা হবে। তবে খুনের মামলায় কাউন্সিলর তারক গুহ দোষী প্রমাণিত হতেই চর্চা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। অনেকেই মনে করছে, এরপর শাসকদলের তরফে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, পানিহাটি এলাকায় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে। ঘটনা ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরের। ঘটনায় নাম জড়ায় ১১ ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহরও।
অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মামলা শুরু হয়। দশ বছর ধরে ব্যারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা চলে।
অবশেষে আজ, ২১ ফেব্রুয়ারি মামলায় দোষী সাব্যস্ত করা হল কাউন্সিলর-সহ ৫ জনকে। তাদের নাম তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস, হরিপদ সরকার। বাকি তিনজন মল্লিকা দে, নব চক্রবর্তী, বুড়োন দাসকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে।