
ধৃত তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার
শেষ আপডেট: 20 September 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: ধৃত কাউন্সিলরের নাম মিলন সর্দার। তিনি বারাসত পুরভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। এদিকে শাসক শিবির দাবি করছে, মিলনকে ইতিমধ্যেই দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। দাবি করা হচ্ছে, ব্যবসায়ীকে দু’দফায় কিডন্যাপ করার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি ও প্রতারণার অভিযোগ রয়েছে। যে কারণে বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করেছে সিআইডি। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অবশ্য দাবি করেছেন, ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী দেবব্রত দে-কে দু'বার অপহরণ করেছিলেন মিলন সর্দার। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর থেকে দু'বারে মোট ৯ কোটি টাকা মুক্তিপণ নেওয়া হয়েছিল।
জানা যাচ্ছে ব্যবসায়ী দেবব্রত ত্রিপুরার বাসিন্দা। ব্যবসা করেন উত্তর ২৪ পরগনায়। তাঁকে অপহরণ করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন শাসকদলের এই কাউন্সিলর। অপহরণকারীদের মাথা ছিলেন মিলন। তদন্তে নেমে সবটা জানতে পেরে সিআইডি মিলনকে গ্রেফতার করে।
সিআইডি রিপোর্ট বলছে, মুক্তিপণ হিসেবে প্রথম দফায় ৬ কোটি টাকা এবং পরে আরও ৩ কোটি টাকা নেওয়া হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে ওই ব্যবসায়ীকে খড়দার একটি আবাসনের পার্কিং স্পেস থেকে অপহরণ করা হয়। ওই ব্যবসায়ী তাঁর এক পরিচিতের বাড়িতে এসেছিলেন।
সেই সময়ই আবাসনের পার্কিং স্পেস থেকে তাঁকে অপহরণ করা হয়। অস্ত্র দেখিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতি। তারপর তাঁকে বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাটে আটকে রাখা হয়। প্রথমে পুলিশ তদন্তে নামে। পরে দায়িত্ব নেয় সিআইডি।
এর আগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল এই মামলায়। আর এবার মিলনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর মিলন। ১৯ তারিখ রাতে এলাকায় ফিরলে খবর যায় সিআইডির কাছে ৷ তারপরই তাঁকে হাতেনাতে পাকড়াও করেন গোয়েন্দারা।