কয়েকজন পরিচিত তারকা মুখ থাকলেও আগের মতো নতুন করে বড় কোনও চমক দেখা যায়নি। বরং দেখা গেল, আগেও নির্বাচনে লড়েছেন - এমন পরিচিত মুখদের উপরেই বেশি ভরসা রেখেছে শাসক দল।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 March 2026 21:15
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) জন্য মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List 2026)। তালিকায় কয়েকজন পরিচিত তারকা মুখ থাকলেও আগের মতো নতুন করে বড় কোনও চমক দেখা যায়নি। বরং দেখা গেল, আগেও নির্বাচনে লড়েছেন - এমন পরিচিত মুখদের উপরেই বেশি ভরসা রেখেছে শাসক দল।
সিনে দুনিয়া এবং ক্রীড়া জগতের কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব অবশ্য এ বারও প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে করিমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ব্যারাকপুর থেকে লড়বেন পরিচালক রাজ চক্রবর্তী। বরানগর কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।
এদিকে, রাজারহাট গোপালপুর কেন্দ্রে রয়েছেন লোকসঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র। চন্দননগর কেন্দ্রে গায়ক ইন্দ্রনীল সেনকে আবারও ভরসা করেছে দল।
ক্রীড়া জগত থেকেও রয়েছে উল্লেখযোগ্য উপস্থিতি। এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে রাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। কয়েক দিন আগেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই প্রথম নির্বাচনের ময়দানে নামছেন তিনি। সপ্তগ্রাম কেন্দ্র থেকে রয়েছেন ফুটবলার বিদেশ বসু।
অন্যদিকে তুফানগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বাংলার ক্রিকেটের পরিচিত মুখ শিবশঙ্কর পাল। তিনি বর্তমানে বাংলা দলের বোলিং প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন। খেলাধুলার জগত থেকে রাজনীতির ময়দানে তাঁর এই প্রবেশ ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে।
তালিকায় রয়েছে আরও একটি উল্লেখযোগ্য নাম - মানিকতলা কেন্দ্রের প্রার্থী শ্রেয়া পান্ডে। তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মেয়ে। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত শ্রেয়া এই প্রথম বড় রাজনৈতিক লড়াইয়ে নামছেন।
সব মিলিয়ে প্রার্থী তালিকায় তারকা মুখ থাকলেও সংখ্যার দিক থেকে তা খুব বেশি নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ বার নতুন মুখের বদলে অভিজ্ঞ প্রার্থীদের উপরেই বেশি আস্থা রেখেছে দল।
যাঁদের নাম নিয়ে আগে জল্পনা চলছিল - তাঁদের অনেকেই শেষ পর্যন্ত তালিকায় জায়গা পাননি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী পার্নো মিত্র কিংবা অভিনেতা অঙ্কুশ হাজরার মতো পরিচিত নাম প্রার্থী তালিকায় দেখা যায়নি।
ফলে সব মিলিয়ে বলা যায়, তারকা উপস্থিতি থাকলেও এ বার তুলনামূলক সংযত কৌশলেই প্রার্থী তালিকা সাজিয়েছে তৃণমূল কংগ্রেস।