
শেষ আপডেট: 1 April 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রাজ্য বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার করার কথা ঘোষণা হয়েছিল। আজ পয়লা এপ্রিল থেকেই বাস্তবায়িত হচ্ছে এই সিদ্ধান্ত। মে মাসে নতুন হারে ভাতা পাবেন উপভোক্তারা। আর সোমবার থেকেই তৃণমূলের প্রচারে অনেকটাই জুড়ে রইল হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার।
হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্ল্যাকার্ড নিয়ে এদিন অভিনব মিছিল হল জগদ্দল বিধানসভা এলাকার কাঁকিনাড়া-পানপুর এলাকায়। মিছিলের প্রধান উদ্যোক্তা ছিলেন জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রধান প্রতিপক্ষ হিসাবেই যিনি বেশি পরিচিত। তৃণমূলে থাকাকালীন অর্জুন সিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগে সোচ্চার ছিলেন সোমনাথ। অর্জুন ফের বিজেপিতে যোগদান করার পর দলের সোমনাথের অবস্থান এখন আরও বেশি শক্তপোক্ত। এই আবহেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে ভোট বৈতরণী পার করাতে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে নিয়েই সোমবার প্রচারে নামলেন একদা অর্জুন সিং বিরোধী এই নেতা। মিছিলের বর্ণাঢ্য আয়োজনে কোনও কসুর করেননি তিনি।
এদিকে ভাতাবৃদ্ধির আনন্দে গলায় ফুলের মালা পরিয়ে বিধায়কের সঙ্গে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালির প্রতিবাদীরাও। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উত্তরদাড়ির জঙ্গল লাগোয়া কর্ণখালির বেশ কিছু গ্রামে সোমবার মিছিল করল তৃণমূল। প্রতিবাদী মহিলারা দাবি করলেন, তৃণমূলের বিরুদ্ধে তাঁদের আন্দোলন ছিল না। দলের তিন নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছেন। তাঁদের জমি জায়গা লুঠ করেছে ওরা। লিজের টাকা দেয়নি। এখন ওরা জেলে থাকায় এখানে শান্তি ফিরেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ায় আনন্দে মিছিল করছেন বলেও জানান তাঁরা।
তৃণমূল বরাবরই পাইয়ে দেওয়ার রাজনীতি করে বলে ভোটের মুখে তোপ দাগল বিরোধীরা। তাঁদের দাবি, ভাতার টাকা তৃণমূল দিচ্ছে না। দিচ্ছে সরকার। অথচ তাই নিয়ে প্রচার করে দলের ভোট টানার চেষ্টা করছে তৃণমূল।