কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরক রাখা ছিল বলে মনে করছেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ।

শেষ আপডেট: 19 May 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরক রাখা ছিল বলে মনে করছেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ। সোমবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের বাসিন্দাদের। পরে জানা যায় এলাকার তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে চাঞ্চল্যকর মন্তব্য করেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁর কথায়, "আমার মনে হয় ওই ফ্ল্যাটে বিস্ফোরক রাখা ছিল। তার থেকেই বিস্ফোরণ হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ এখনও কিছু জানায়নি। জানালে বলতে পারব।"
বিস্ফোরণের তীব্রতা এটাই ছিল যে বাড়ির দেওয়াল খসে পড়ে। পাশের বাড়ির চাল উড়ে যায়। আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। জখম হন কয়েকজন। তবে ভাগ্যক্রমে বড় বিপদ এড়ানো গেছে।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরশাদ খান ও মহম্মদ শাহরুখ নামে দুই যুবককে আটক করে পুলিশ। ওই ফ্ল্যাটে তাদের নিত্য যাতায়াত ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের জিজ্ঞাসাবাদ করেই ডেকে পাঠানো হয় টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলকে। বিকেলে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।