
ওড়়িশার পথে জিনাত।
শেষ আপডেট: 31 December 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: 'ভিআইপি'ই বটে! রবিবার তার সফর ঘিরে ২০ গাড়ির কনভয় দেখেছিল জঙ্গলমহল। সোমবার রাতে তার ভিডিও পোস্ট করেছিলেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান।
এমনকী ঘুম পাড়ানি গুলি খাওয়ার পর তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন বনদফতরের কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, বর্ষবরণের রাতে গ্রিন করিডর করে বাঘিনি জিনাতকে নিয়ে যাওয়া হবে ওড়িশার সিমলিপালে। সেই মতো রাত ৯টা নাগাদ বিশেষ প্রহরায় বাংলা থেকে ওড়িশার পথে বাঘিনি জিনাত।
এ ব্যাপারে রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, "ওড়িশার সিমলিপাল থেকে জিনাত বাংলায় ঢুকেছিল। পেপার ওয়ার্ক কমপ্লিটের পর তাকে গ্রিন করিডর করে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে।"
মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশায় নিয়ে আসা হয়েছিল জিনাতকে। এরপরই বনকর্মীদের ফাঁকি দিয়ে ২০ ডিসেম্বর বাংলায় ঢুকে পড়ে জিনাত। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় টানা ৯দিন দাপিয়ে ১০ দিনের মাথায় গত রবিবার বাঁকুড়ায় ঘুম পাড়ানি গুলির মাধ্যমে তাকে 'অ্যারেস্ট' করেন বনকর্তারা। রাতেই তাকে আনা হয়েছিল আলিপুরে। আপাতত সেখানে প্রাথমিক শুশ্রুষার পর ফের ওড়িশার পথে জিনাত।
বন দফতর সূত্রের খবর, আলিপুরে আনার পর থেকে বিশেষ কিচু মুখে তোলেনি জিনাত। পশু হাসপাতালে শুধুমাত্র ওআরএসের জল পান করেছে সে। তবে এতে বিশেষ কোনও সমস্যা দেখছেন না বনকর্তারা। কারণ, পুরুলিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়ানোর সময় জিনাত নিজের মতো করে একাধিক শিকার করেছিল।
ফলে তাঁর এই 'উপোস' পর্ব আরও কয়েকদিন চলতে পারে। জানা যাচ্ছে, এদিন ডিনাতের প্লেটে চিকেন, মাটন, বাফেলো মিট দেওয়া হলেও সেগুলির কোনওটিই মুখে তোলেনি বাঘিনি।