
শেষ আপডেট: 3 November 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: লোকালয়ে ঢুকছে রয়েল বেঙ্গল টাইগার! তাতে আতঙ্ক ছড়িয়েছে পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর এলাকায়। সেখানে বাঁধের কাছে নরম পলিমাটিতে বাঘের থাবার ছাপ পাওয়া গিয়েছে।
পাথরপ্রতিমার শ্রীধর নগর এলাকাটি অনেকটাই ঘন জঙ্গলের কাছে কাছি এলাকায় পড়ে। গ্রামের বাসিন্দা কাকলি দাস জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধেবেলায় গ্রামের রাস্তা দিয়ে মেয়ে সুম্মিতা হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় সে একটি ষাঁড়কে ও কুকুর ভয়ে ছুটে দেখে। গ্রামের রাস্তা অন্ধকার ছিল। তাই মেয়ে টর্চ জ্বালে। তখনই দেখে, বাঁধের উপর বাঘ ঘোরাঘুরি করছে। আতঙ্কে চিৎকার করতে করতে দৌঁড়তে থাকে সে। বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে ঘটনাটি সকলকে জানাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামের এক বাসিন্দা রীতারানি সামন্ত জানিয়েছেন, গ্রামে বাঘ ঘোরাফেরা করছে বলে রাতে খবর পেয়েছিলেন তিনি। সকালে মৎসজীবীরা বাঁধের কাছে গেলে বাঘের পায়ের ছাপ দেখতে পান। গ্রামে বাঘ ঢোকার খবর রটতেই জঙ্গলের কাছে ভিড় জমে যায়।
পরে বনদফতরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে আসে। তারা থাবার ছাপগুলিকে দেখে বাঘের পায়ের ছাপ বলে নিশ্চিত করেছে। গ্রামের মধ্যে মাইকিং করে বাসিন্দাদের সর্তক করা হচ্ছে। গ্রামের আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনকি বনদফতরের পক্ষ থেকে জঙ্গলের ৩ টি খাঁচা পাতা হয়েছে। রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপাতত বাঘের দেখা মেলেনি। গ্রামবাসীরা সবাই লাঠি হাতে নদী বাঁধে পাহারা দিতে থাকছেন। লঞ্চে করে নদীতে পাহারা দিচ্ছে বনদফতর ।