
শেষ আপডেট: 31 August 2023 16:04
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মানেই খেলা পাগল। ফুটবল হলে তো কথাই নেই। তারপর আবার কলকাতা ডার্বি (Kolkata Derby)। শুক্রবার সকাল থেকে দুই বড় ক্লাবের তাঁবুর সামনে মানুষের ঢল নামবে। ফের সেই টিকিটের জন্য পাগলপারা উন্মাদনা। আবার বিতর্কও থাকবে।
রবিবার ১৯ বছর পরে ডুরান্ড কাপের (Durand Cup) মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শেষবার লাল হলুদ দল জিতেছিল। এবার কি চাকা ঘুরবে স্প্যানিশ কোচ ফেরান্দোর হাত ধরে।
পাশাপাশি চলতি সপ্তাতেই শনিবার ভারত-পাকিস্তান রয়্যাল ব্যাটল (India Pakistan match) রয়েছে এশিয়া কাপে (Asia Cup)। ওইদিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। ভারত-পা ম্যাচ মানেই ওয়াঘা সীমান্ত থেকে শুরু করে দক্ষিণের মানাপুরাম মন্দিরেও উন্মাদনা থাকবে। হয়তো দেখা যাবে কোনও পুরোহিতও হাতে থাকা মোবাইলে চোখ বোলাচ্ছেন খেলার স্কোরে। এমনকী দেখা যাবে বন্দুক হাতে কোনও ভারতীয় সেনাও খেলার খবর রাখছেন।
কলকাতা ডার্বিতেও মোহনবাগান আবার চলতি আসরের প্রথম ধাপে হারের বদলা নিতে মরিয়া থাকবে। দুই স্প্যানিশ কোচ ফেরান্দো ও কুয়াদ্রাত দু’জনেরই গেম রিডিং দারুণ। হাতে অনেক বারুদও রয়েছে। ওই ম্যাচ জেতা মানে অর্ধেক ভারত জিতে যাওয়া, সেটি দুই দলের ফুটবলাররা তো বটেই, এমনকী দুই বিদেশি কোচও জানেন।
ওই ম্যাচে তারকার হাট বসবে। কামিন্স বনাম লুকাস, পাশাপাশি দিমিত্রি বনাম সিভিরিও। নন্দকুমার, মনবীর সিং, লিস্টনরা তো থাকবেনই। তাই বাঙালির কাছে এই সপ্তাহে ব্যস্ত থাকার বিষয় রয়েছে।