
শেষ আপডেট: 26 October 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ইছামতি নদীতে ভাসান দেখে ফেরার পথে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল তিন মোটরবাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসার সময় লাইটপোস্টে ধাক্কা মারে মোটরবাইকটি। রাস্তায় ছিটকে পড়ে তিন যুবক। হাসপাতালে নিয়ে আসা হলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজেশ দাস(১৮), শুভঙ্কর দাস(২০) ও সহদেব দাস(২৩)। প্রত্যেকেই বাদুড়িয়া আটুরিয়া দাসপাড়ার বাসিন্দা। বুধবার রাতে বাইকে করে তিনজন ইছামতির নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেখতে এসেছিলেন। তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না। বিসর্জন দেখে ফেরার সময় তীব্র গতিতে ছুটছিল বাইক। রাত সাড়ে এগারোটা নাগাদ স্বরূপনগর থানার গোকুলপুরে ১১ হাজার ভোল্টের একটি লাইট পোস্টে ধাক্কা মারে মোটরবাইকটি। রাস্তার উপর ছিটকে পড়েন তিনজন।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তিনজনকেই উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান এই তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না। তার উপরে গাড়ির গতিবেগ ছিল আশি থেকে নব্বই কিলোমিটার। নিয়ন্ত্রণ হারিয়েই লাইট পোস্টে ধাক্কা মারে মোটরবাইকটি।
তিনজনের মৃত্যুর খবরে আটুরিয়া দাসপাড়া গ্রামে শোকের ছায়া। বাসিন্দাদের প্রশ্ন পথ নিরাপত্তা নিয়ে এত প্রচার, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, কিছুতেই কেন কোনও কাজ হচ্ছে না! রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে পথ নিরাপত্তা নিয়ে গাড়ি চালকদের সচেতন করছেন, কিন্তু রাস্তায় তার কোনও প্রতিফলন নেই। এর উত্তর প্রশাসনকেই খুঁজে বার করতে হবে বলে দাবি করেন ওই তিন যুবকের পরিবার।