
ফাইল ছবি।
শেষ আপডেট: 8 February 2025 07:54
দ্য ওয়াল ব্যুরো: ফের অস্ত্র-সহ দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি চালানোর সময় গাড়ির বনেট থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
এর আগে শিয়ালদহ এলাকা থেকে অস্ত্র সহ ছ'জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ছ'জনও উত্তরপ্রদেশের বাসিন্দা। স্বভাবতই, পর পর দুটি দুষ্কৃতী কার্যকলাপে উত্তরপ্রদেশের বাসিন্দারা গ্রেফতার হওয়ায় বাংলায় সম্প্রতি ঘটা একাধিক হিংসাত্মক কার্যকলাপের নেপথ্যে যোগী রাজ্যের হাত দেখছেন পুলিশের কর্তারা। এ বিষয়ে ধৃতদের জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারীরারা।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে বড় বাজারে একটি চারচাকার গাড়ি দেখে সন্দেহ হয় সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের কর্মীদের। তাঁরা গাড়ি ঘিরে তল্লাশি শুরু করেন। গাড়ির বনেট খুলতেই দেখা যায়, সেখানে একটি ৭ এমএম, ৯ এমম পিস্তল এবং ১৭ রাউন্ড গুলি রয়েছে। এই অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার ধৃতদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানাবে পুলিশ।
সম্প্রতি কলকাতা-সহ রাজ্যে একাধিক দুষ্কৃতী কার্যকলাপ সামনে এসেছে। ঘটেছে একাধিক খুনের ঘটনাও। অভিযোগ, ভিন রাজ্য থেকে বাংলায় ঢুকে হামলা চালানো হয়েছে। এবার শিয়ালদহ এবং বড়বাজারের মতো এলাকা থেকে দু'দফায় অস্ত্র-সহ উত্তরপ্রদেশের ৯জন বাসিন্দা গ্রেফতার হওয়ায় বাংলার অশান্তির নেপথ্যে সংশ্লিষ্ট রাজ্যের কোনও ভূমিকা রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।