
শেষ আপডেট: 10 November 2023 16:50
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ মিলল বাড়ি থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে দুর্গাপুরের কাঁকসার পানাগড়ের সারদাপল্লী এলাকায়। এই তিনজনের মধ্যে এক বৃদ্ধা, এক তরুণ ও তরুণী রয়েছেন। তাঁরা সম্পর্কে ভাই বোন। ওই বৃদ্ধা তাঁদের ঠাকুমা হন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধার নাম সীতা দেবী। বাকি দুই তরুণ-তরুণীর নাম সিমরন বিশ্বকর্মা ও সোনু বিশ্বর্কমা। শুক্রবার বাড়ির বাইরে ২২ বছরের সোনুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখেন এক ঘরে ৭০ বছরের সীতা দেবীও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পাশের ঘরেই পড়ে রয়েছে ২৩ বছরের সিমরনের দেহ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে হেলমেট পড়া এক ব্যক্তি সীতা দেবীদের বাড়িতে এসেছিলেন। কিছুক্ষণ পড়েই ওই ব্যক্তি বেরিয়ে চলে যান। বেশ কয়েকঘণ্টা পড়ে স্থানীয়রা সীতাদেবীদের সাড়া শব্দ না পেয়ে তাঁদের বাড়িতে যান। সেখানে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি ডেকে পাঠানো হয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে।
পুলিশ ইতিমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ডেকে পাঠানো হয়েছিল ফরেন্সিক টিমকেও। তারা নমুনা সংগ্রহ করেছেন। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।