
শেষ আপডেট: 2 November 2023 19:01
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে গত ২৬ অক্টোবর গভীর রাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকেই তল্লাশি অভিযানে আরও গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, বৃহস্পতিবার নতুন করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে মন্ত্রীর ব্যক্তিগত সচিব তথা চাটার্ড অ্যাকাউন্টটেন্ট শান্তনু ভট্টাচার্য এবং মন্ত্রীর বর্তমান আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতে। এদিন সকালে নেতাজিনগরে শান্তনুর বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। অন্যদিকে বাঁশদ্রোনীতে অমিতের ফ্ল্যাটে পৌঁছয় ইডির আরও একটি দল।
তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এদিনের তল্লাশি অভিযানে তিনটি নোটবুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যে নোট বুকে রেশনের একাধিক হিসেব রয়েছে বলে সূত্রের খবর। নোটবুকে রয়েছে একাধিক ব্যক্তির নাম ও টেলিফোন নম্বরও। মেরুন ডায়েরির মতো এই তিনটি নোট বুকও রেশন দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মন্ত্রীর বর্তমান আপ্ত সহায়ক অমিত দে’র অংশীদারিত্ব রয়েছে বাঁকুড়ার দুটি সংস্থায়। সেই সূত্রেই এদিন নতুন করে তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নেমেছেন তদন্তকারীরা। তবে এই তিনটি নোটবুক শান্তনু নাকি অমিত, কার বাড়ি থেকে পাওয়া গিয়েছে তা এখনও জানা যায়নি।
এর আগে গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয়র বাড়ির পাশাপাশি তাঁর বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়কের বাড়ি সহ ১২ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেদিন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দে’র বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। ‘বালুদা’ নামাঙ্কিত ওই মেরুন ডায়েরিতে রেশনের টাকার লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য লেখা রয়েছে বলে আগেই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল।