
শেষ আপডেট: 1 November 2023 17:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘাগামী চারচাকা গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত আরও দুজন। কাঁথি মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। গাড়ির মধ্যে আটকে থাকা চালককে উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কাঁথি বাইপাসে তুমুল যানজট সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি কলকাতার নিমতা থানা এলাকার রবীন্দ্রপল্লী এলাকায়। এরা সবাই কাপড়ের ব্যবসায়ী। চারচাকা গাড়ি নিয়ে ব্যবসার কাজে কাঁথি-এগরা-দিঘা ও রামনগরে এসেছিলেন। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মারা যান একজন। স্থানীয়দের অভিযোগ, দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের দু’পাশে যত্রতত্র ইট-বালি ফেলে জবরদখল করে রাখা হয়েছে। ফলে রাস্তা সঙ্কুচিত হয়ে পড়েছে। সেই কারণেই প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পরেই বিক্ষোভে সরব হন স্থানীয় মানুষজন। পরে পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা দুটো নাগাদ দিঘার দিকে যাচ্ছিল চারচাকা গাড়িটি। বেশ জোরেই ছুটছিল গাড়িটি। আচমকাই কলকাতাগামী একটি বাসের মুখোমুখি পড়ে যায় গাড়িটি। বিকট শব্দে চমকে ওঠেন এলাকার মানুষ। তাঁরা জানান, গাড়ির সামনের অংশ পুরোপুরিই বাসের নীচে ঢুকে যায়। স্থানীয় মানুষজন ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান। চালক ও তাঁর পাশে থাকা একজনকে গাড়ি থেকে বের করার সাধ্য হয়নি তাঁদের। পিছনের দুজনকে নিয়েই হাসপাতালে ছোটেন। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। অন্যজনকে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে ওই গাড়ি থেকে দুজনের দেহ উদ্ধার করে।