
মৃত রেহান
শেষ আপডেট: 2 April 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে বুধবার সকালে পাওয়া যায় তৃণমূল নেতার দেহ। তিনি গুলিবিদ্ধ হন মাঝরাতে। ঘটনায় তাঁর পরিবারের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসকদলেরই দুজনের দিকে। ঘটনায় এপর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের।
বছর ৩৮-এর এনায়েতুল্লাহ ওরফে রেহান স্থানীয়দের কাছে প্রোমোটার হিসেবেই পরিচিত ছিলেন। তার পাশাপাশি করতেন তৃণমূল। রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। পুলিশ জানাচ্ছে, মঙ্গলবার রাতে কয়েকজনের সঙ্গে মদ্যপান করছিলেন তিনি। রাত ১২ টা পর্যন্তও বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়। পরে আজ ভোর ৫টা নাগাদ তাঁকে রক্তাক্ত অবস্থায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এই ঘটনায় পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁর দুই বন্ধু এলাকা থেকে পালিয়ে যান। তাঁদের খোঁজ করছে পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
মৃতের মা গোটা ঘটনায় আঙুল তুলেছেন উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় দাস ও তাঁর ঘনিষ্ট সুশান্ত রায়ের দিকে। তাঁর দাবি, ছেলের মৃত্যুর পিছনে এই দু'জনের হাত রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, যে এলাকায় খুন হয়েছে, সে এলাকাতেই বাড়ি ওই তৃণমূল নেতার। সবাই ওখানেই আড্ডা দিতেন।
ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তিনজনই খুনের ঘটনার সঙ্গে যুক্ত না আরও কেউ যুক্ত রয়েছে, তা বলা যাচ্ছে না। খতিয়ে দেখা হচ্ছে।