দ্য ওয়াল ব্যুরো : কোনও রাজনীতিকই আমাদের কথা শুনছেন না। যতদিন আমাদের দাবিদাওয়া পূরণ না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বলে শনিবার সকালে দিল্লির উদ্দেশে মিছিল করে রওনা হয়েছেন হাজার হাজার কৃষক। সরকারের কাছে তাঁদের দাবি, আখের দাম বাবদ বকেয়া টাকা অবিলম্বে চুকিয়ে দেওয়া হোক। কৃষিঋণ পুরোপুরি নাকচ করা হোক। বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া হোক।
এই দাবিগুলি নিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার কৃষকরা। তাঁদের সংগঠনের নাম রাষ্ট্রীয় কিষাণ সঙ্ঘ। গত কয়েকদিন ধরে কৃষিমন্ত্রকের সঙ্গে তাঁদের কথাবার্তা চলছিল। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ায় এদিন সকালে নয়ডার ট্রান্সপোর্ট নগর থেকে তাঁদের মিছিল শুরু হয়। আগে জানা গিয়েছিল, ২৪ নম্বর জাতীয় সড়ক ধরে গাজিপুর সীমান্ত দিয়ে মিছিল ঢুকবে দিল্লিতে। শহরে ঢুকে তাঁরা যাবেন কিষাণ ঘাটের দিকে। কিন্তু পরে শোনা যায়, দিল্লিতে ঢোকার আগেই মিছিল আটকে দেওয়া হয়েছে।
মিছিলের ফলে এদিন মেরঠ-দিল্লি হাইওয়ে সহ দিল্লিগামী প্রতিটি রাস্তায় দেখা দেয় যানজট। মিছিলের পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন করা ছিল আধা সেনা। পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছিলেন, আমরা আগে থেকেই সবরকম নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি। মিছিল দিল্লি অবধি পৌঁছলে আমরা তাদের সঙ্গে কথা বলব। তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।
ইন্ডিয়ান ফারমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক পুরণ সিং বলেছেন, কৃষিমন্ত্রকের সঙ্গে আমাদের আলোচনা ব্যর্থ হয়েছে। আমাদের সামনে একটাই উপায় আছে। তা হল, মিছিল করে দিল্লিতে গিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। কৃষক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, দিল্লিতে মিছিল করেও যদি দাবি না মেটে তাহলে অনশনে বসা হবে। মিছিল আটকে দেওয়ার পরে তাঁরা কী করবেন জানা যায়নি।
গতবছর দিল্লিতে এমনই এক কৃষক মিছিল থেকে হিংসা ছড়িয়ে পড়ে। কৃষকদের হটাতে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে, জল কামান ব্যবহার করে।