দ্য ওয়াল ব্যুরো : চেন্নাইতে নাগরিকত্ব আইন বিরোধীরা চেয়েছিলেন বুধবার বিধানসভা অবধি মিছিল করবেন। মাদ্রাজ হাইকোর্ট তাঁদের নিষেধ করে। পুলিশ তাঁদের মিছিল করতেই বারণ করেছিল। তা সত্ত্বেও এদিন ক্যা বিরোধী মিছিল গেল রাজ্যের সচিবালয় ও জেলা কালেক্টরের অফিস পর্যন্ত। পুলিশের হিসাব, মিছিলে পা মিলিয়েছিলেন ১৫ হাজার মানুষ।
মিছিলের উদ্যোক্তা ছিল কয়েকটি মুসলিম সংগঠন। তারা জানিয়েছে, হাইকোর্টের রায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তারা মামলায় কোনও পক্ষ ছিল না।
তামিলনাড়ুতে শাসক এডিএমকে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য এর ফলে ভারতের নাগরিকদের কোনও ক্ষতি হবে না। বিজেপির সহযোগী এডিএমকে-র মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী বিক্ষোভকারীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রাজ্য সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও কাজ করতে দেবে না। সরকার ঢালের মতো তাদের রক্ষা করবে।”
চেন্নাইয়ের ওয়াশেরমানপেট অঞ্চলে কয়েকদিন ধরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্নায় বসেছেন ৩ হাজার মুসলিম মহিলা। ওই অঞ্চলটির নাম হয়েছে ‘চেন্নাইয়ের শাহিনবাগ’।