দ্য ওয়াল ব্যুরো : শনি সন্ধ্যায় (Saturday Evening) কালীঘাটের (Kalighat) বাড়িতে বৈঠক করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে এমন কিছু নাম নেই যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
যেমন তৃণমূলের অন্দরেই আলোচনা শুরু হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকা নিয়ে। কারণ তিনি লোকসভায় দলের মুখ্য সচেতক। তাঁকে ওয়ার্কিং কমিটিতে নিলেন না দিদি। সাম্প্রতিক পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীন সমীকরণের ক্ষেত্রে এই সিদ্ধান্তকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। কারণ কোভিড বিধি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ প্রসঙ্গে প্রকাশ্য সমালোচনায় নেমেছিলেন শ্রীরামপুরের সাংসদ। তারপর অভিষেক অনুগামীদের ক্ষোভ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানোতেই স্পষ্ট হয়ে গিয়েছিল সংঘাত। তারপর দেখা গেল, কল্যাণকে সরিয়ে দেওয়া হল জাতীয় কর্মসিমিতি থেকে।
নতুন তালিকায় নাম নেই রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের। সর্বভারতীয় স্তরে দলের তরফে তিনি সংবাদমাধ্যমে অন্যতম মুখ। রাজ্যসভার সাংসদকে জাতীয় কর্মসমিতিতে রাখেননি তৃণমূলনেত্রী।
প্রবীণ সাংসদ সৌগত রায়েরও নাম নেই দলের নতুন ওয়ার্কিং কমিটিতে। মহুয়া মৈত্রকে গোয়ার সংগঠনের জন্য নিয়োগ করেছিলেন দিদি। কিন্তু জাতীয় কর্মসমিতিতে কৃষ্ণনগরের সাংসদের জায়গা হল না।