
নিজস্ব ছবি
শেষ আপডেট: 10 April 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। যা নিয়ে শহর তথা গোটা রাজ্য তোলপাড়। এবার নিজেদের সমস্যার কথা জানাতে দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসার পরিকল্পনা করছেন চাকরিচ্যুতরা (SSC Job Deprived)।
'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ' নামক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিলের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মেহবুব মণ্ডল শুধু বেশি ব্যাখ্যায় না গিয়ে শুধু এটুকু জানিয়েছেন, সংগঠনের কয়েকজনকে দিল্লি পাঠিয়ে তাঁদের কথা গোটা দেশকে জানাতে চান। সেখানে আমরণ অনশনে বসতে চলেছেন তাঁরা।
দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ করতে হবে, এই দাবিতে বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। তাঁদের মধ্যে থেকেই কেউ কেউ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এসএসসি দফতরের কাছে অনশনে বসেছেন।
অন্যদিকে, শুক্রবার তাঁদের এসএসসি ভবন অভিযানে যাওয়ার কথা। সেখানে স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থানে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে শিক্ষা দফতরে হওয়া বৈঠকে যাবেন বলেও জানিয়েছেন চাকরিচ্যুতদের একাংশ।
বস্তুত, বুধবার কসবায় স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন চাকরিহারারা। কিন্তু তিনি দফতরে ছিলেন না। অভিযোগ, আচমকা কয়েক জন বিক্ষোভকারী ডিআই দফতরের তালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ জানায়, এই সময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে 'হালকা বলপ্রয়োগ' করতে হয়েছে।
কসবার ঘটনা নিয়ে ওই দিনই কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়। পুলিশকর্মীদের বলাই হয়েছে, এ রকম যাতে কিছু না ঘটে।" কিন্তু সিপির বক্তব্য ছিল, যে ছবি-ভিডিও দেখানো হচ্ছে, তা সম্পূর্ণ নয়। আগে-পিছনে আরও কিছু রয়েছে। পুলিশেরও ছ'জন জখম হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু'জন মহিলা। পরিস্থিতি বোঝানোর জন্য বৃহস্পতিবারও ভিডিও প্রকাশ করা হয়। এই আবহেই এবার দিল্লি যাওয়ার ডাক দিলেন চাকরিহারারা।