
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 28 December 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রী বিধায়কদের আলটপকা মন্তব্য ঠেকাতে ইতিমধ্যে বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গতিবিধিতেও রাশ টানা হচ্ছে।
সূত্রের খবর, এখন থেকে মন্ত্রীরা কোনও অনুষ্ঠানে যোগ দিলে সেই খবর আগাম জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরকে। অর্থাৎ সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী যাওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর দফতর প্রয়োজনীয় অনুমতি দিলে তবেই সেই মন্ত্রী ওই অনুষ্ঠানে যেতে পারবেন।
সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি স্পষ্ট করে সহকর্মীদের জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। অনেকের মতে ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ। বস্তুত, ওই ঘটনার জেরেই হিডকোর চেয়ারম্যান পদ থেকে ববিকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও মনে করছে কোনও কোনও মহল।
অন্য একটি অংশের মতে, অনেক সময় মুখ রক্ষার খাতিরে প্রয়োজনীয় খোঁজ-খবর না নিয়ে বহু অনুষ্ঠানে হাজির হন মন্ত্রীরা। সেখানে মঞ্চে তাদের সঙ্গে কারা উপস্থিত থাকবেন, সেই খবরও মন্ত্রীদের কাছে থাকে না। পরে দেখা যায় মন্ত্রীর পাশে যিনি বসে রয়েছেন তার বিরুদ্ধে কোনও প্রতারণার অভিযোগ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে ওই ঘটনায় মন্ত্রীর পাশাপাশি দল কেও সাময়িক বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।
তৃণমূলের প্রথমসারির এক নেতার কথায়, সম্ভবত এই ধরনের বিতর্ক যাতে নতুন বছরে আর না ঘটে সেদিকে লক্ষ্য দিতে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা।
প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ মাঝে আর একটি বছর। এই সময় রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্যকে নিয়ে নতুন করে যাতে কোনও বিতর্কের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বাড়তি নজর দিতে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। যদিও এ ব্যাপারে নবান্নের তরফে অফিশিয়ালি কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
তবে একান্ত আলাকচারিতায় রাজ্যের একাধিক মন্ত্রী মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের কথা স্বীকার করে নিয়ে বলেন, "আমাদের মধ্যে অনেকেই অনেক সময় না বুঝে অনেক অনুষ্ঠানের উপস্থিত হয়ে নিজে এবং দলকে বিড়ম্বনায় ফেলেন. পরে সেই দুর্ভোগ পোহাতে হয় মুখ্যমন্ত্রীকে। সম্ভবত সে কারণে সব দিক বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।