
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 3 October 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। তার ওপর আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। বহু জায়গায় পুজো করা নিয়ে সংশয়ে ছিলেন উদ্য়োক্তারাও।
অথচ গতবারের চেয়েও এবারে বেশি পুজো হচ্ছে রাজ্যে। বৃৃহস্পতিবার প্রথমার দিন পুজো উদ্বোধনে গিয়ে তাঁর প্রাথমিক হিসেবও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বরিষা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুুখ্যমন্ত্রী বলেন, "বন্যার জন্য ভেবেছিলাম এবারে পুজোর অনুষ্ঠানগুলো নাও হতে পারে, পরে দেখলাম গতবারের চেয়ে এবারে আরও বেশি রিকোয়েস্ট আসছে।"
সংখ্যাটা কত? টানা তিনদিনে গড়ে ৪০০টি করে মোট ১২০০ পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। এগুলি শুধুমাত্র জেলার। এছাড়াও সময়াভাবে বহু রিকোয়েস্ট ফিরিয়ে দিয়েছেন।
মঙ্গলবার লেকটাউনে শ্রীভূমি দিয়ে পুজোর উদ্বোধনের কাজ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার চেতলা অগ্রণী-সহ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন। এদিনও আলিপুর, ৭৪ পল্লী, ২৫ পল্লী, টালা প্রত্যয়-সহ একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা।
বরিষার উদ্বোধনে সংক্ষিপ্ত ভাষণে মমতা বলেন, "বুধবার অগ্রণী ক্লাবের উদ্বোধন থেকে সাড়ে ৩০০ জেলার পুজোর উদ্বোধন করেছি। আগামীকাল শুক্রবার ত্রিধারা থেকে ৪০০ পুজোর উদ্বোধন করব। পরের দিন পুলিশের বডি গার্ড লাইনস থেকে জেলার আরও ৪০০ পুজোর উদ্বোধন করব। বুঝতেই পারছেন, এ'কদিন টাফ শিডিউল। নাও করতে পারি না, কারণ, তাঁরা চাই, আমি উদ্বোধন করি।"
বস্তুত, আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত, সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উৎসবে ফিরেছে জনতা! মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! শুধু কলকাতা নয়, জেলার মণ্ডপেও এদিন মানুষের ঢল চোখে পড়ার মতো।