দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে তিন জন নিট-পরীক্ষার্থীর আত্মঘাতী হওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির এই নেতার দাবি, এই ঘটনাগুলি আদতে আত্মহত্যা নয়, এগুলি সব ক’টিই আসলে রাষ্ট্রের হাতে খুন হওয়ার ঘটনা।
১৯ থেকে ২১ বছর বয়সি তিন জন ছেলে-মেয়ে দিন কয়েকের মধ্যে আত্মঘাতী হয়েছেন তামিলনাড়ুর নানা জেলায়। তাঁরা তিন জনই নিট পরীক্ষার্থী ছিলেন। পড়ার চাপেই হোক বা যে কোনও কারণেই হোক, নিজের জীবন অকালে শেষ করে দিয়েছেন তাঁরা।
কয়েক দিন আগেই তামিলনাড়ুর কোয়ম্বত্তুর এবং আইউলার জেলায় ১৯ বছরের একটি ছেলে ও মেয়ে আত্মহত্যা করেন। এর পরে গতকালই মাদুরাইয়ের বাসিন্দা ২১ বছরের আরও এক তরুণী সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন। তিনি লেখেন, “আমার উপর তোমাদের অনেক প্রত্যাশা। আমি মেডিক্যালে সিট না পেলে তোমাদের মন ভেঙে যাবে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমায় ক্ষমা করো।”
অখিলেশ যাদবের দাবি, এগুলো আসলে খুন। কেন্দ্রীয় সরকার মুখে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বললেও, আসলে পড়ুয়াদের খুন করছে চাপ দিয়ে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনির সেলভম এই প্রসঙ্গে পড়ুয়াদের বার্তা দিয়েছেন, কেউ যেন কোনও রকম চাপেই এমন চরম সিদ্ধান্ত না নেয়।
প্রসঙ্গত, করোনা আবহে নিট পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে যে সমস্যা তৈরি হয়, তাতে তামিলনাড়ুও কেন্দ্রের কাছে এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পরীক্ষা যেন স্থগিত করা হয়। পরিবহণ বা অন্যান্য সমস্যা তো বটেই, গত কয়েক মাস ধরে প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিল তামিলনাড়ু। কিন্তু শেষমেশ পরীক্ষা স্থগিত হয়নি।
সে ঘটনার কথা উল্লেখ করে এবং মাদুরাইয়ে গতকাল ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনাকে সামনে এনে অখিলেশ যাদব দাবি করেন, “এ ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। কিন্তু কার দোষে এমনটা ঘটে গেল, তা আমাদের জানতে হবে। বিজেপি একটি হৃদয়হীন দল। তারা খুন করেছে পরীক্ষার্থীদের।”