
শেষ আপডেট: 18 February 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে রবিবার বসিরহাট থানা থেকে বের করতেই চোর, চোর স্লোগান তুললেন এলাকার একাংশ বাসিন্দা। একই সঙ্গে তাঁদের প্রশ্ন, "মূল অভিযুক্ত শেখ শাহাজাহানকে কবে গ্রেফতার করা হবে?"
এদিন ১১টা ৪৫ মিনিট নাগাদ বসিরহাট থানা থেকে কড়া পুলিশি প্রহরায় শিবুকে বের করা হয় আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই বাইরে থাকা ভিড় থেকে চোর, চোর স্লোগান ওঠে।
গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালিতে। রাতবিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা।
শনিবার বিকেলে এব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই ন্যাজাট থেকে তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালী-২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও রয়েছেন শিবু।
গ্রেফতারের পর শনিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। স্থানীয়দের অভিযোগ, তার পর থেকেই থানার ছবিটা বদলে গেছে। প্রধান গেট ভেতর থেকে তালা বন্ধ। সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, রবিবার সকাল থেকে থানা চত্বরে পুলিশি নিরাপত্তা এতটাই কড়াকড়ি যেন মাছিও গলতে পারবে না। এদিকে রবিবার ছুটির দিনে বহু মানুষ থানায় আসেন নানান কাজে। তাঁদের বক্তব্য, রবিবার সকাল থেকে থানায় সাধারণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন কাজে থানায় এসেও খালি হাতে ফিরতে হচ্ছে। তারই জেরে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ এদিন শিবুকে থানা থেকে বের করার সময় চোর, চোর স্লোগান দিয়ে ওঠেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে গত ৫ জানুয়ারি ইডির অভিযানের পর থেকেই ফেরার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁরও গ্রেফতারির দাবিতে এদিন সরব হন স্থানীয়রা। সন্দেশখালি কাণ্ডে শিবুকে গ্রেফতারের পরই তাঁর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। রবিবার দুপুর ২টো নাগাদ ধৃতকে বসিরহাট আদালতে তোলা হবে।