দেশে ফিরছেন অভিযুক্ত এমজে আকবর, মি_টু ধাক্কায় হারাবে কি মন্ত্রিত্ব?
দ্য ওয়াল ব্যুরো: মি_টু ঝড়ের শিকার তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে যৌন নির্যাতনের। তবে এর কোনওটিরই জবাব মেলেনি তাঁর কাছ থেকে, কারণ বিশেষ কাজে নাইজেরিয়ায় ছিলেন তিনি। আজ, সোমবার সকাল আটটায় দেশে ফেরার কথা তাঁর। তিনি কেন্দ্রীয় বি
শেষ আপডেট: 13 October 2018 19:24
দ্য ওয়াল ব্যুরো: মি_টু ঝড়ের শিকার তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে যৌন নির্যাতনের। তবে এর কোনওটিরই জবাব মেলেনি তাঁর কাছ থেকে, কারণ বিশেষ কাজে নাইজেরিয়ায় ছিলেন তিনি। আজ, সোমবার সকাল আটটায় দেশে ফেরার কথা তাঁর। তিনি কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী। প্রাক্তন সাংবাদিক, এমজে আকবর। প্রশ্ন একটাই, ফেরার পরে কি তাঁর কাছে কৈফিয়ৎ তলব করবে মোদী সরকার? আদৌ কি থাকবে তাঁর মন্ত্রিত্ব?
সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ বিজেপির অন্দরে বোশ প্রভাব ফেলেছে। দল যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। মন্ত্রিত্ব খোয়ানোর পূর্ণ সম্ভাবনা রয়েছে তাঁর। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। আবার দলেরই আর এক অংশ বলছে, এমজে আকবরের বিরুদ্ধ ওঠা অভিযোগগুলি বহু পুরনো। মন্ত্রী হওয়ার বহু বছর আগে ঘটনাগুলি ঘটেছিল, যখন তিনি সাংবাদিক ছিলেন। তা ছাড়া সমস্ত অভিযোগের আইনি বৈধতাও নেই। তা ছাড়া আগামী বছরেই লোকসভা নির্বাচন। এই সময়ে এক জন মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ঘটনা দলে এবং দলের বাইরে খুব একটা ভাল প্রভাব ফেলবে না। তাই এ যাত্রা রয়েও যেতে পারেন এমজে আকবর।
মি_টু ঝড় ওঠার পরে, একের পর এক যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসার পরে, বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রীই অভিযোগকারিণীদের সমর্থনে দুঃখপ্রকাশ করেছেন। বৃহস্পতিবারই স্মৃতি ইরানি বলেন, "এ বিষয়ে যাঁরা মুখ খুলছেন, তাঁদের কোনও ভাবে অবিশ্বাস করা বা ব্যঙ্গ করা ঠিক নয়।" এমজে আকবরের প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি তো ঘটনাস্থলগুলোয় ছিলাম না, তাই বলতে পারব না কিছু। এ বিষয়ে উনিই সব চেয়ে ভাল উত্তর দিতে পারবেন।"
কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে সরাসরিই বলেন, "অভিযোগ প্রমাণিত হলে এমজে আকবরের ইস্তফা দেওয়া উচিত।" মুখ খুলেছেন মানেকা গান্ধীও। দাবি করেছেন সঠিক তদন্তের। বিরোধী দলের তরফে অভিযুক্ত মন্ত্রীকে পদ থেকে সরানোর দাবি উঠেছে।