দ্য ওয়াল ব্যুরো: যেখানে যান মঞ্চ মাতিয়ে তোলেন তিনি। তাঁর কণ্ঠের জাদুতেই মানুষের মন চুরি করে নিতে পারেন অনায়াসে। কিন্তু এবার চুরি হল তাঁর ঘরের অন্দরে। খোয়া গেল প্রায় তিন লক্ষ টাকার সম্পত্তি। মুম্বইয়ের ওশিওয়ারা থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং।
জানা গিয়েছে, রবিবার দুপুরে চুরির ঘটনা ঘটে। প্রায় দুই লক্ষ টাকা গয়না ও নগদ এক লক্ষ টাকা খোয়া গিয়েছে। মিকারই এক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁর ম্যানেজার। ২৭ বছরের ওই যুবকের নাম অঙ্কিত ভাসান। প্রায় এক দশক ধরে তিনি মিকার সঙ্গে কাজ করছেন। কিন্তু ঘটনার পর থেকেই অঙ্কিতের কোনও খোঁজ-খবর নেই। মিকার বাড়িতে থাকা অঙ্কিতের জিনিসপত্রও কিছু নেই। মিকার কাজের হিসেব রাখার দায়িত্ব ছিল তাঁর।
ঘটনার তদন্তে নেমে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। সেখানে বেলা তিনটে নাগাদ মিকার বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে অঙ্কিতকে। প্রায় চারটে নাগাদ বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। কিন্তু তারপর কোথায় গিয়েছে অঙ্কিত? কেন ঘটনার পর থেকে নিখোঁজ তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
এর নেপথ্যে অঙ্কিত ছাড়াও অন্য কারও জড়িয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতের খোঁজ পাওয়া গেলে অনেক তথ্য জানা যাবে বলে মনে করছে পুলিশ।