
প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে ঢুকে ধরা পড়ে গেল চোর-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 11 June 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিল চোর। প্রতিবেশীদের বুদ্ধিতে ধরাও পড়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল শ্যামনগরের গাঙ্গুলি পাড়ায়।
জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি হরিপদ বিশ্বাসের বাড়ি শ্যামনগরের গাঙ্গুলি পাড়ায়। তাঁর বাড়ির উল্টো দিকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ওই বাড়ির লোকেরাই ক্যামেরায় হরিপদবাবুর বাড়িতে এক অপরিচিত যুবককে ঢুকতে দেখেন। তাঁরা হরিপদবাবুকে ফোন করে বিষয়টি জানান। সেই সময়ে প্রাক্তন বিধায়ক সহ পরিবারের বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন। চোর এসেছে টের পেয়ে সকলেই সজাগ হয়ে যান। বাড়ির মধ্যে ওই অপরিচিত যুবক ঢুকলেই সকলে মিলে তাকে ধরে ফেলেন। প্রতিবেশীরাও হরিপদবাবুর বাড়িতে চলে আসেন। তারপর ওই যুবককে ধরে ব্যাপক মারধর করে বেঁধে রেখে শ্যামনগর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।
হরিপদবাবু বলেন, "প্রতিবেশীরা চোর ঢোকার খবর দেওয়ার পরে আমরা সজাগ হয়ে গিয়েছিলাম। বাড়ির পিছনে খুটখাট শব্দ শুনে সেখানে যাই। ওই যুবককে ধরে ফেলি।" তবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, ৩৩ বার তিনি থানায় ফোন করেছেন। তার পরে পুলিশ এসেছে। এর মধ্যে জনতার ক্ষোভ ওই যুবকের উপর গিয়ে পড়ে। মারধর করা হয়েছে। পুলিশ আরও একটু আসতে দেরি করলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত।“