
শেষ আপডেট: 28 October 2023 16:49
দ্য ওয়াল ব্যুরো: মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কার্যালয়ের পাশেই গড়ে উঠছে মদের কাউন্টার। গোপনে সেই খবর পেয়েই খেপে উঠলেন মহিলারা। অবিলম্বে এই দোকান বন্ধ না করা হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিলেন তাঁরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সারাফুল গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নম্বর বুথের ঘটনা। এলাকাটি ভারত ও বাংলাদেশের সীমান্তে। গ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার মহিলাকে নিয়ে গড়ে উঠেছে মহিলা স্বনির্ভর গোষ্ঠী। দ্বীপ মহিলা সংঘ সমবায় নামের ওই স্বনির্ভর গোষ্ঠীর পাশেই তৈরি হচ্ছে মদের দোকানের নয়া বিল্ডিং। সেই খবর পেয়ে শনিবার এলাকায় জড় হয়েছিলেন গোষ্ঠীর কয়েক’শ মহিলা। হাতে মদ বিরোধী একাধিক প্ল্যাকার্ড।
দ্বীপ মহিলা সংঘ সমবায়ের সম্পাদিক অর্পিতা মণ্ডল বলেন, “আগেও এখানে মদের দোকান তৈরির চেষ্টা হয়েছিল। সেবারে প্রশাসনিকস্তরে অভিযোগ জানানোয় দোকান আর করা হয়নি। সম্প্রতি তলে তলে ফের দোকান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পুজোর ছুটিতে সমবায় বন্ধ ছিল। সেই সুযোগে রাতারাতি বিল্ডিং তোলা হচ্ছে। খবর পেয়েই এদিন আমরা হাজির হয়েছিলাম।”
একই সঙ্গে তিনি বলেন, “আমাদের সমবায়ে সন্ধে সাতটা পর্যন্ত মেয়েরা কাজ করে। এখানে লোক বসে মদ খেলে এলাকার পরিবেশ নষ্ট হবে। আমরা এই জিনিস বরদাস্ত করব না। ভালভাবে বলছি, না শুনলে মেয়েরাই মদের দোকান গুঁড়িয়ে দেবে।”
সমবায় গোষ্ঠীর সদস্য সালমা বিবি বলেন, “কোনও অবস্থাতেই আমরা আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হতে দেব না। সেজন্য যা যা করতে হয় করব।” যেখানে এই মদের কাউন্টার তৈরি হচ্ছে তার পাশেই বাড়ি গ্রামবাসী সঞ্জয় দাসের। তিনি বলেন, “শোনা যাচ্ছে মদের কাউন্টার করা হচ্ছে। পাশেই আমার বাড়ি। তাছাড়া এখানে হাজার পাঁচেক মেয়ে কাজ করেন। আমরা গ্রামের কেউই চায় না এখানে মদের দোকান হোক।” এই বিষয়ে অবশ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।