
স্বাস্থ্য ভবন
শেষ আপডেট: 19 November 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে গত ৩ বছরে কত লোক মারা গিয়েছে? সেই তথ্য দেখতে গিয়েই ভজঘট পরিস্থিতি। রাজ্য সরকারের দুই পোর্টালে মৃত্যু সংক্রান্ত তথ্যে আকাশ-পাতাল ফারাক!
ঘটনাটা হল, যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ করা বাধ্যতামূলক, সেই পোর্টালে মৃতের সংখ্যা কম। এদিকে যে পোর্টালে মৃত্যুর কারণ উল্লেখ না করলেও চলে, সেখানে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি।
মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যের এই ব্যাপক ফারাক সামনে আসতেই একটি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। জন্ম-মৃত্যু তথ্যের পোর্টাল বা জেএমটি অনুযায়ী গত বছর ৬ লক্ষ ৬২ হাজার ৯৯১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আবার মেডিক্যাল সার্টিফিকেশন অফ কজ অফ ডেথ পোর্টালে ২০২৩ সালে রাজ্যে মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩৯৫ জন। অর্থাৎ সরকারি দু'টি পোর্টালের তথ্যে মৃতের সংখ্যার ফারাক ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৬।
২০২২ এবং ২০২১ সালেও মৃত্যু সংক্রান্ত সরকারি তথ্যে এই অসঙ্গতি ধরা পড়েছে। কেন পরিসংখ্যানে এই ধরনের গড়মিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।