
ফাইল ছবি
শেষ আপডেট: 16 December 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। ইডি-কে ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১৮ ডিসেম্বর সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থই। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। তার পরপরই ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর হয়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা গ্রেফতার হয়েছিলেন, যাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট। যে যে তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জ গঠন হয়েছে, সব নথি ২৪ ঘণ্টার মধ্যে জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে ট্রায়াল শুরু করে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা-সহ ১ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়ার যে যে প্রক্রিয়া, সবই শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।