.webp)
শেষ আপডেট: 13 February 2024 23:51
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে গত শনিবারই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম হাজরাকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। দল সাসপেন্ড করার পরই উত্তমকে গ্রেফতার করে পুলিশ। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন সন্দেশখালির সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা।
উত্তমের মতোই গ্রামের নিরীহ মানুষের ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ এলাকার আর এক তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। মঙ্গলবার সন্দেশখালি ঘোরার পর তৃণমূলের প্রতিনিধি দলের তরফে সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, “দল অন্যায়কে প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে উত্তম হাজরাকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। শিবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে উত্তমের মতো তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।”
ফেরার তৃণমূল নেতা শাহজাহান শেখের ঘনিষ্ঠ উত্তম ও শিবুর বিরুদ্ধে মাছের ভেড়ি লিজে নিয়ে টাকা না দেওয়া-সহ একাধিক অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব গ্রামবাসীদের একাংশ। ওই প্রসঙ্গেও এদিন মন্তব্য করেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তবে এবিষয়ে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি তিনি। পার্থ বলেন, “মানুষের লিজ়ের টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। গরিব মানুষকে ঠকানো তৃণমূল বরদাস্ত করবে না। বঞ্চিতদের টাকা দেওয়ানোর দায়িত্ব নেবে তৃণমূল।’’
এরপরই পার্থ জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে জনসভা করবে তৃণমূল। রাজনৈতিক মহলের অনুমান, ওই সভা থেকেই উত্তমের মতো দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে পদক্ষেপের কথা ঘোষণা করতে পারে তৃণমূল। একই সঙ্গে বঞ্চিতদের দলগতভাবে সাহায্যও করা হতে পারে।
যদিও তৃণমূলের এমন কর্মসূচির নেপথ্যে 'রাজনৈতিক কৌশল' দেখছে বিরোধী শিবির। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এলাকার রাজনৈতিক জমি ফিরে পেতে মানুষকে বোকা বানানোর নতুন কৌশল।” আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সন্দেশখালির আসল সত্যিটা সামনে চলে এসেছে। ওখানকার মানুষ আর সহজে বোকা বনবেন না।”
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে গ্রামবাসীদের একাংশের হাতে মার খেতে হয়েছিল ইডির আধিকারিকদের। তারপর থেকেই ফেরার শাহাজাহান। একমাসের ব্যবধানে সেই সন্দেশখালিতে উলটপুরাণ! গ্রামবাসীদের ক্ষোভের জেরে কার্যত ঘরছাড়া শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা। সেই তালিকায় রয়েছেন অভিযুক্ত শিবপ্রসাদ হাজরাও।