
শেষ আপডেট: 14 December 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাজভবনের উত্তর গেটের নামকরণ করা হবে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার শান্তিনিকেতনে নয়া ফলকের উন্মোচন করেন রাজ্যপাল। সেখানেই একথা বলেন তিনি।
রাজ্যপালের কথায়, “কবিগুরু শুধু আমাদের দেশের নয়, উনি সারা বিশ্বের গর্ব। এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে আমি গর্বিত। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে রাজভবনের উত্তর গেটের নামকরণ করা হবে তাঁর নামে। ”
বন্দে ভারত এক্সপ্রেসে এদিন সকালে শান্তিনিকেতনে পৌঁছন রাজ্যপাল। উপাসনা গৃহ, সংগ্রহশালা, ছাতিম তলা ঘুরে দেখেন তিনি। পরে ছাতিম তলায় কবিগুরুর নামাঙ্কিত ফলক উন্মোচন করেন রাজ্যপাল বোস।
জানা গেছে, এদিন রাজভবন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত ওই ফলক শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন রাজ্যপাল। তাতে লেখা, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফলক’। রাজ্যপাল জানান, শুদ্ধিকরণ করার জন্যই তিনি রাজভবন থেকে এই ফলকটি নিয়ে এসেছেন। ফিরে গিয়ে রাজভবনের উত্তর গেটের পাশে বসানো হবে এই ফলক। এবং এখন থেকে উত্তর গেটের নামকরণ করা হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক।