
শেষ আপডেট: 20 March 2022 12:09
দ্য ওয়াল ব্যুরো: দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) সিনেমা দেখে বেরোনোর সময়ে ছুরি দিয়ে তিনজনকে কুপিয়ে দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের কুশিনগরে। ঘটনায় তিন যুবক গুরুতর জখম। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি। জানা গেছে, ওই তিন যুবক নাকি সিনেমা হল থেকে বেরিয়ে জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছিলেন। তখনই আচমকা হামলা হয়।
কুশিনগরের ফাজিলনগর পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি সিনেমা হলে চলছে সিনেমাটি (The Kashmir Files)। শুক্রবার সন্ধেয় লাস্ট শো-তে সেই ছবি দেখতে এসেছিলেন উন্নয়ন ব্লকের জোকোয়া বাজারের কয়েকজন যুবক।
অভিযোগ, সিনেমাটি দেখার সময়েই যুবকরা কিছু স্লোগান দিতে শুরু করেন। এর পরে বেরিয়ে ফের চলে স্লোগানিং। এলাকাবাসীর দাবি, তাঁরা উস্কানিমূলক মুসলিম-বিরোধী স্লোগান দিয়েছিলেন। এর ফলে এলাকার মুসলিম যুবকরা উত্তেজিত হয়ে পড়েন। সিনেমা হলের বাইরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এই সময়েই সিনেমা দেখতে আসা যুবকদের উপর ছুরি নিয়ে হামলা করে এলাকার মুসলিম যুবকরা।
আক্রান্ত তিন জনকে ফাজিলনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করানোর পরে তিনজনকেই মেডিক্যাল কলেজে রেফার করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।