দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসের ১৭ তারিখ। ইংরাজি ক্যালেন্ডার মতে ২৩ মে। উপত্যকায় বড়সড় নাশকতার চালানোর জন্য ওই দিনটিকেই নাকি বেছে নিয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী, এমনটাই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। হামলা চলতে পারে তার আগেও। গোয়েন্দা সূত্রে খবর, নির্বাচনের ফল ঘোষণার আগেই জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গি তাণ্ডবের সম্ভাবনা রয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই উপত্যকায় তোলপাড় করে চলছে জঙ্গি নিধন অভিযান। বাড়ি বাড়ি গিয়ে চলছে ধরপাকড়। কখনও পুলওয়ামার ত্রাল, কখনও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে দফায় দফায় চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এনআইএ জানিয়েছে, রমজান মাসের ১৭ তারিখ আবার ‘বদরে জঙ্গ’-এর দিন। তাই ওই দিনটিকেই জিহাদের জন্য বেছে নিতে পারে দইশ বা লস্করের মতো জঙ্গি সংগঠন।
সূত্রের খবর, শ্রীনগরর ও অবন্তীপোরার একাধিক জায়গায় চলতে পারে জঙ্গি নাশকতা। এখানকার বায়ু সেনা ঘাঁটিগুলি জঙ্গিদের প্রাথমিক লক্ষ্য।
গত মাসেই পুলওয়ামার লসিপোরায় চার লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। মাঝে কিছুদিন শান্ত থাকলেও ফের জঙ্গি উপদ্রব শুরু হয়েছে পুলওয়ামার নানা জায়গায়। গত বৃহস্পতিবার সকাল থেকেই দফায়-দফায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে দুই জঙ্গির খতম হওয়ার খবর মেলে, নিহত হন এক জওয়ান। শোপিয়ান, কুপওয়ারা, বদগাম জম্মু-কাশ্মীরের একের পর এক জায়গায় অভিযান চালিয়ে দুই জইশ-সহ ৬ জঙ্গিকেও নিকেশ করেছে সেনা।
এনআইএ ইতিমধ্যেই জানিয়েছে, পাকিস্তানে বসে লস্কর মাথা হাফিজ সইদ, হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিনরা হুরিয়তকে টাকা পৌঁছে দিচ্ছে। উপত্যকায় নাশকতামূলক কাজকর্মে সেই টাকা ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে উত্তেজনা জিইয়ে রাখতে উস্কানি দেওয়া হচ্ছে কাশ্মীরি যুবকদের। গত কয়েকদিনে ধর্ষণ কাণ্ডে তেতে রয়েছে বান্দিপোরা। পুলিশ ও সেনাকে লক্ষ্য করে পাথর ছুড়েছে এলাকার লোকজন থেকে একাধিক কলেজের ছাত্রছাত্রীরা। পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। এই উত্তাপের আঁচকেই হাতিয়ার করে ফের নতুন করে নাশকতার ছক কষছে জঙ্গিরা।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-hafiz-saeeds-financier-owns-23-storey-building-in-london-luxury-flat-in-delhi/