
আনন্দপুরে দেহ উদ্ধার
শেষ আপডেট: 21 August 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা আনন্দপুর থেকে উদ্ধার হয়েছিল রক্তাক্ত দেহ। বিকেলে এই ঘটনায় তরুণীর গাড়ির চালককে আটক করল পুলিশ। পুলিশের অনুমান, এই তরুণীকে খুনের ঘটনায় গাড়িরচালকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাঁকে থানায় ডেকে জেরা করছে পুলিশ। কেন খুন করা হল তা খুব অল্প সময়ের মধ্যেই জানা যাবে বলে মনে করছে পুলিশ।
আরজি করে ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও শহরজুড়ে প্রতিবাদের ঢেউ। তারই মধ্যে বুধবার সকালে আনন্দপুর থেকে উদ্ধার হল এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। একটি ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে। ভোর ৬টা নাগাদ বাসিন্দাদের অনেকেই তখন হাঁটতে বেরিয়েছিলেন। তাদেরই কয়েকজনের চোখে পড়ে দেহটি। মহিলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। আরজি করের ঘটনায় রাজ্য তোলপাড়। তারইমধ্যে আবার কি ধর্ষণ করে খুন!
খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শুরু হয় তদন্ত। ওই মহিলাকে ওখানেই খুন করা হয়েছে, না অন্য কোথাও মেরে এখানে দেহ ফেলে যাওয়া হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। পরে জানা যায়, ওই মহিলা নারকেলডাঙার বাসিন্দা। তবে তাঁকে কোথাও খুন করে এখানে নিয়ে আসা হয়েছে, নাকি ঘটনাস্থলেই খুন করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।